ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা দীপক
ফিরোজ শাহ, জামালপুর
জামালপুরে জটিল ও ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, জড়িত সব আসামিকে গ্রেপ্তার, আসামিদের স্বীকারোক্তি আদায় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ও সংশ্লিষ্ট মালামাল উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ময়মনসিংহ রেঞ্জের জুলাই মাসের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছেন ইসলামপুর থানার সাব-ইন্সপেক্টর দীপক চন্দ্র পাল।
তদন্তে দক্ষতা, দ্রুততার সঙ্গে মামলার রহস্য উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনায় তার এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করা হয়।
মঙ্গলবার (২৫ আগষ্ট) দুপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, তার হাতে এ সম্মাননা তুলে দেন।
ইসলামপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে তিনিও উপস্থিত ছিলেন। তিনি বলেন,“আমিও ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম। আমরা এ ধরনের ঘটনার রহস্য অল্প সময়ের মধ্যে উদঘাটন করতে পারায় দোষীদের আইনের আওতায় আনাও সহজ হয়েছে।”
তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া এ ধরনের কাজের স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। এতে পুলিশি কাজের গতি আরও বেগবান হবে এবং অপরাধ তদন্তে সদস্যদের কর্মস্পৃহা বাড়বে।
পুলিশ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট মামলায় দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনা করে অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়। পাশাপাশি মামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার, তাদের কাছ থেকে স্বীকারোক্তি গ্রহণ এবং প্রয়োজনীয় আলামত ও মালামাল উদ্ধারে সফলতা আসে।
পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা মনে করছেন, তদন্তকারী কর্মকর্তাদের এমন স্বীকৃতি অপরাধ তদন্তে পেশাদারিত্ব বাড়ানোর পাশাপাশি দ্রুততম সময়ে অপরাধের রহস্য উদঘাটনে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে।