২৫ বছর ধরে ইসলামপুরবাসীর জন্য কাজ করে যাচ্ছেন সুলতান মাহমুদ বাবু
এনামুল হক :
ইসলামপুর উপজেলার মানুষের উন্নয়ন ও কল্যাণে দীর্ঘ ২৫ বছর ধরে কাজ করে যাচ্ছেন বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু। রাজনীতির শুরু থেকেই তিনি উপজেলার খেটে খাওয়া ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন বলে দাবি করেছেন। তাঁর ভাষ্য, ইসলামপুরের চার লাখ মানুষের খাদেম হিসেবে কাজ করাই তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম লক্ষ্য।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন সুলতান মাহমুদ বাবু। নির্বাচিত হওয়ার পর থেকেই ইসলামপুরের পূর্ব ও পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডে কাজ শুরু করেন বলে জানান তিনি। এ কারণে স্থানীয় মানুষের কাছ থেকে তিনি ‘উন্নয়নের উপকার’ হিসেবে পরিচিতি পেয়েছেন বলেও তাঁর সমর্থকদের দাবি।
সুলতান মাহমুদ বাবু বলেন, দীর্ঘদিন ধরেই ইসলামপুরকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। বিশেষ করে দুর্গম চরাঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও কৃষিখাতের উন্নয়নকে তিনি গুরুত্ব দিচ্ছেন।
তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। পাশাপাশি দুর্গম চরাঞ্চলের মানুষের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ সহজ করতে যমুনা নদীর ওপর দুইটি সেতু নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
সুলতান মাহমুদ বাবুর ভাষ্য, বিএনপির রাজনীতি দেশের খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। খাল খনন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন শিল্প-কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, সুচিকিৎসা নিশ্চিত করা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির রাজনৈতিক লক্ষ্য।
তিনি আরও বলেন, বিএনপি যে কর্মসূচিগুলো গ্রহণ করেছে, সেগুলোর প্রতিটি দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের স্বার্থে। আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে হটানোর পর এখন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করার সময় এসেছে।
তিনি বলেন, “দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যে রায় দিয়েছে, সেই রায়ের ভিত্তিতে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা সম্ভব হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।”
দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন সময় কাজ করার, এখন সময় দেশ গড়ার। কেউ যাতে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার পথে বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, “করবো কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।” সুলতান মাহমুদ বাবুর দাবি, গত ২৫ বছর ধরে ইসলামপুরবাসীর সুখ-দুঃখের সঙ্গে থেকে তিনি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আগামী দিনেও ইসলামপুরকে একটি উন্নত, সমৃদ্ধ ও যোগাযোগসমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য।