
ইসলামপুরে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে
মোঃ এনামুল হক :
জামালপুরের ইসলামপুরে মাদকদ্রব্য সেবন করে পরিবারের সদস্যদের সাথে অমানবিক নির্যাতনের অভিযোগে অতিষ্ঠ হয়ে ছেলে বাবাকে পুলিশে দিয়েছেন । পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঐ ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ইসলামপুর উপজেলা পরিষদ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আরিফ বেপারী (৩৮)। তিনি ইসলামপুর পৌর শহরের বেপারীপাড়া এলাকার মুলাইম খাঁ বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ বেপারীর সংসারে ২ ছেলে ও ২ মেয়ে, কয়েক মাস আগে তার স্ত্রী মারা যান। দীর্ঘদিন ধরে তিনি মাদক সেবন করে আসিতেছে। বাবার এমন জঘন্য অপরাধ থেকে ফিরে আনার জন্য পরিবারের সদস্যরা মাদক সেবনে বাধা দিলেও তিনি তা মানতেন না। বরং মাদক সেবনের পর পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিরোধে ক্ষিপ্ত হয়ে পড়তেন।
রবিবার বিকেলে নিজ বাড়িতে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে বেপরোয়া আচরণ করেন আরিফ। এতে অতিষ্ঠ হয়ে তার ছেলে মোহন বেপারী ইসলামপুর থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জুনায়েদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং আরিফ বেপারীকে আটক করে নিয়ে আসে।
উপজেলা পরিষদ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক সেবন ও পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণের দায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত । এ সময় আরিফ বেপারীর বাবা মুলাইম খান বেপারী, মা মোছা. আলেমা ও ছেলে মোহন বেপারী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জুবায়ের বলেন, মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণের দায়ে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী বর্ণিত আসামীকে ০৬ (ছয়) মাস বিনাশ্রম কারাদন্ড এবং ১০০/- (একশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে।
ইসলামপুর থানার উপপরিদর্শক এসআই মো. জুনায়েদ হাসান বলেন, কারাদণ্ডপ্রাপ্ত আরিফ বেপারীকে রাতেই জামালপুর জেলা কারা কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে।
রিপোর্টারের নাম 








