
কৃষকদের উন্নয়নে ইসলামপুরে পার্টনার কংগ্রেস,২০২৬ অনুষ্ঠিত
মোঃ এনামুল হক :-
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নে জামালপুরের ইসলামপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি-এর সহযোগিতায় উপজেলা পরিষদের হলরুমে ওই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কর্মসূচি হাতে নেয়া হয়।
ইসলামপুর কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রাকিব রানা আকন্দের সঞ্চালনায়, পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ মোঃ জুবায়ের । এতে প্রধান অতিথি ছিলেন, খামারবাড়ি জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শরীফ খান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, খামার বাড়ি জামালপুর কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, স্বাগত বক্তব্য রাখেন, ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ
আব্দুলাহ আল ফয়সাল,উপজেলা কৃষক দলের সভাপতি মোয়াজ্জেম ও পার্টনার কংগ্রেস স্কুলের সদস্য রহিমা কৃষক ইউনুস প্রমুখ।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ মোঃ জুবায়ের বলেন, বাংলাদেশের মাটি পৃথিবীর সবচেয়ে উর্বর মাটি। পৃথিবীতে এমন কোন ফল ফসল নাই যা বাংলাদেশের মাটিতে ফলে না। কৃষিখাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার, পুষ্টিকর খাদ্য উৎপাদন বাড়লে কৃষকরা লাভবান হবে। উত্তম কৃষি চর্চা করতে হবে। ভাল ফসল উৎপাদন না করার কারনে বিদেশের মার্কেট ধরতে পারছি না আমরা। নিরাপদ খাবার উৎপাদন করতে পারলে তাহলে বিদেশের বাজার আমরা ধরতে পারবো।
জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা বলেন, এ প্রকল্পের মূল লক্ষ্য নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা। দেশের কৃষিকে খোরপোষ পর্যায় থেকে বাণিজ্যিকীকরণ, খাদ্য ও পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল করে তুলতে ‘পার্টনার’ প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুলাহ আল ফয়সাল বলেন, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।
পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, , গন্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং স্টেকহোল্ডার অংশ নেন। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৭০ জন কৃষক-কৃষাণী অংশ নেন। পাশাপাশি স্টলে উন্নত জাতের ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়।
নিউজ ডেস্ক 












