
ইসলামপুরে যমুনা নদীর তীব্র ভাঙনে দিশেহারা নদী পারের মানুষ
এনামুল হক :
যমুনা নদীর তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন জামালপুরের ইসলামপুর যমুনা নদীর পারের বসতিস্থলের মানুষ । নদী ভাঙনে বিলীন হচ্ছে, বসতভিটা আর ফসলি জমি, চরম বিপাকে রয়েছেন চাষীরা।উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেড়ীবাঁধ নতুনপাড়া এলাকায় গত কয়েক দিন থেকে যমুনার ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। হঠাৎ নদীর পানি বৃদ্ধি পাওয়ার পর থেকেই দেখা দেয় ভাঙন। কয়েক ঘণ্টার ব্যবধানে একের পর এক ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান আকন্দ জানান, তাঁর দুই একর ফসলি জমি সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে গেছে। একই এলাকার রুহুল ইসলাম, কামরুল হক ও দুদু মিয়ার প্রায় ৩ একর জমিও নদী ভাঙনে হারিয়ে গেছে। স্থানীয়রা জানান- কয়েক মাস আগে এই বেড়ী বাঁধটি সংস্কার করা হয়,তাতেও কোন ধরনের কাজ হচ্ছে না। এদিকে নদীর পানি বৃদ্ধি পাওয়ার পর এই কয়েক দিনে প্রায় ১৫/২০একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
চাষী সোহানুর বলেন, বছরের পর বছর কষ্ট করে ফসলের চাষ করলেও এবার হঠাৎ ভাঙনে সব শেষ হয়ে যাচ্ছে। ফলে দ্বিগুণ ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমাদের। সাইফুল ইসলাম বলেন, নদী ভাঙনে জমি গেছে, বসতি স্থাপনের জায়গাও টা নেই, কোথায় যাব, কার কাছে বলব, বুঝে উঠতে পারছি না।স্থানীয়রা অভিযোগ করে বলেন, যমুনা নদী প্রতি বছর ভাঙ্গন দেখা দেয়। এবার আমাদের জমি ও ফসল দুটোই যাচ্ছে। ভাঙন প্রতিরোধে প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। দ্রুত পদক্ষেপ না নিলে পরো গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোমান হাসান বলেন, বর্তমানে ভাঙনের বিষয়টি আমি জেনেছি। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানাবো। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ ডেস্ক 








